উজবেকিস্তানে বৈঠকে বসছেন শি-পুতিন

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের শুরুর পর প্রথমবার বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনংপিং। খবর: তাস।

আগামী সপ্তাহে উজবেকিস্তানে বিশ্বের এ দুই পরাশক্তি দেশের নেতার সাক্ষাৎ হচ্ছে। তবে বৈঠক নিয়ে

মস্কো-বেইজিংয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভ গত বুধবার সাংবাদিকদের এ কথা জানান।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, আগামী ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের সাইড লাইনে দুই নেতার বৈঠক হচ্ছে। মস্কোর ওপর কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে দুই নেতার বৈঠক চীন-রাশিয়ার সম্পর্ক আরও জোরদারের সবুজ সংকেত দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হংকংয়ের নাটিক্সিসের প্রধান এশিয়া প্যাসিফিক অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া হেরেরো বলেন, এশিয়ার সম্ভাব্য নতুন জ্বালানি পাইপলাইনসহ যৌথ অর্থনৈতিক প্রকল্প ঘোষণা আসতে পারে বৈঠক থেকে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে উজবেকিস্তানের সমরখন্দে এসসিও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংস্থাটি চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান নিয়ে গঠিত। এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম গত মঙ্গলবার জানায়, ডলারের পরিবর্তে ইউয়ান ও রুবলে গ্যাস আমদানি-রপ্তানি করতে চীনের জাতীয় পেট্রোলিয়াম করপোরেশনের সঙ্গে চুক্তি করেছে তারা।

গ্যাজপ্রমের সিইইউ অ্যালেক্সি মিলার বলেন, রাশিয়ার রুবল ও চীনের ইউয়ান ব্যবহার করা গ্যাজপ্রম ও চীনের জাতীয় পেট্রোলিয়াম করপোরেশন দুই পক্ষের জন্য ‘লাভজনক’ হবে। তিনি আরও বলেন, ডলার ছাড়া লেনদেন করার ক্ষেত্রে অন্য কোম্পানিগুলোর কাছে এটি একটি উদাহরণ হয়ে থাকবে।

এদিকে ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে পশ্চিমা দেশগুলোর। তারা রাশিয়ার ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা

আরোপ করেছে। এ কারণে এখন নিজেদের পশ্চিমা প্রভাবমুক্ত করতে চাচ্ছে রাশিয়া। তাদের সঙ্গে এক্ষেত্রে যোগ দিয়েছে চীনও।