দুদকে তিন মহাপরিচালকসহ ১৭ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক: তিন পরিচালককে মহাপরিচালক (ডিজি), ছয় উপপরিচালককে (ডিডি) পরিচালক ও আট সহকারী পরিচালককে (এডি) উপপরিচালক পদে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন মহাপরিচালক হলেন মো. আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন। নতুন এই তিনজনকে নিয়ে দুদকের মহাপরিচালক পদে আছেন আটজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুদকের সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষরে কর্মকর্তাদের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়।

মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া মো. আক্তার হোসেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ছিলেন। অন্য দুজন মীর মো. জয়নুল আবেদীন দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (পর্যবেক্ষণ ও বিশারদ এবং গোয়েন্দা ইউনিট) ও সৈয়দ ইকবাল হোসেন পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) ছিলেন। এই তিন কর্মকর্তা জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোয় যোগ দিয়েছিলেন। ২০১৫ সালের নভেম্বরে তারা পরিচালক পদে পদোন্নতি পান। প্রায় ২৭ বছর ধরে তারা দুদকের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

একই সঙ্গে পরিচালক পদে পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তা হলেন এসএম সাহিদুর রহমান, মো. লুৎফর রহমান, মো. ফরিদ আহমেদ পাটোয়ারী, ঋত্বিক সাহা ও মো. মোশাররফ হোসেইন মৃধা। এত দিন তারা দুদকে উপপরিচালক পদে ছিলেন। সহকারী পরিচালক থেকে উপপরিচালক হয়েছেন আট কর্মকর্তা। তারা হলেন মো. শহীদুল আলম সরকার, একেএম বজলুর রশীদ, সৈয়দ আতাউল কবীর, মো. শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল বারী ও একেএম ফজলে হোসেন।

দুদক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে পদোন্নতি হচ্ছিল না। বর্তমান কমিশন তাদের পদোন্নতি দিল। এর আগে দুদকের নিজস্ব জনবল থেকে একজন মহাপরিচালক হয়েছিলেন। নতুন করে এই তিনজন মহাপরিচালক হলেন।

এ পদোন্নতিকে ‘দুদকের জন্য মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)। তিন কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে সংগঠনের সভাপতি মশিউর রহমান বলেন, দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে আশাবাদী, তাদের নেতৃত্বে দুদক আরও এগিয়ে যাবে। পদোন্নতিপ্রাপ্তদের ফুল দিয়ে অভিনন্দন জানান ডুসার নেতারা।