প্রতিনিধি, বেনাপোল : বেনাপোলের কাগজপুকুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহত যুবক হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বালিয়াডাংগা গ্রামের রমজান চৌকিদারের ছেলে আলী হোসেন (৪০)।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কাগজপুকুর এলাকায় পৌঁছালে আলী হোসেন ট্রেনলাইনের ওপর শুয়ে পড়লে ট্রেন তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এ সময় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে রেলওয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা (নাভারন) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান জানান, আজ সকাল ১১টার দিকে খবর পাই কাগজপুকুর বাজারের একটু সামনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




