নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যেভাবে আন্দোলনের নামে লাফালাফি ও বাড়াবাড়ি করছে তাতে তাদের আন্দোলনের পতন ধ্বনি শোনা যাচ্ছে।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে আইইবি’তে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের জন্ম এদেশে, প্রয়োজনে মরব, জেলে যাবো তবুও দেশ ছেড়ে পালাব না। বিএনপির হচ্ছে দেশ ছেড়ে পালানো। মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে তো গেছে বিএনপির নেতা। আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই।’
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বিএনপি মুক্ত করেনি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দণ্ড স্থগিত করে বাসায় রেখেছেন।
শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেন না উল্লেখ করে ওবায়দুল কাদের, যারা ১৫ ও ২১ আগস্ট এবং ৩ নভেম্বর ঘটিয়েছে – তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না। বিএনপি সব সময় প্রতিহিংসার রাজনীতি করে।
আজ ৫০তম সংবিধান দিবস, এ দিবসটি জাতীয়ভাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এখন থেকে জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বৈশ্বিক সংকটের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখন আমাদের কথা কম বলে কাজ বেশি করতে হবে। আর এখন সবার এই বিপ্লবটাই করতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মো. হোসেন মুনসুরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।




