মৌলভীবাজারে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন

প্রতিনিধি, মৌলভীবাজার : সিলেটের প্রবাসীদের দেশের বাইরে বিনিয়োগের পাশাপাশি, দেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের ৮ অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ও অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে গতকাল গণভবন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সিলেটের অর্থনৈতিক অঞ্চলের নাম নিজে পছন্দ করে ‘শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল’ দিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রবাসী অধ্যুষিত সিলেটের অনাবাদি জমিকে কাজে লাগানোর পাশাপাশি ইকোনমিক জোনে সিলেটের প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা।

গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটের চার জেলার ঠিক মধ্যবর্তী এলাকা শেরপুরে প্রায় ৩৫২ একর জমির ওপর নির্মিত শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় উদ্বোধন করা হয় শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের প্রসাশনিক ভবন, গ্যাস ও বিদ্যুৎ সাব-স্টেশন, ডাবল গ্লেজিং লিমিটেডের ফ্যাক্টরি এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ডায়িং ইন্ডাস্ট্রি পলমল গ্রুপ ভবনের।

প্রসঙ্গত, ৩৫২ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে মৌলভীবাজারের শেরপুরের ‘শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল’। এখানে ৪৪ হাজার লোকের কর্মসংস্থান হবে। এ অঞ্চল ঘিরে গড়ে ওঠা অন্যান্য ব্যবসাতেও লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে। এখানে ৬টি বড় শিল্পপ্রতিষ্ঠানকে ২৩১ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে। যেখানে ১৯টি শিল্পকারখানা গড়ে উঠছে।

এখানে নিজস্ব বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ডাবল গেজিং ইন্ডাস্ট্রিসহ কয়েকটি ইন্ডাস্ট্রি উৎপাদন শুরু করেছে। বর্তমানে ডাবল গেজিং ইন্ডাস্ট্রিতে ২০ কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। আরও ১০০ কোটি টাকা ইনভেস্ট করা হবে। তখন আরও ১ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে কারখানা নির্মাণের জন্য ইতোমধ্যে বরাদ্দ হয়ে গেছে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ২২৮ দশমিক ৬০ একর জমি। যেখানে নির্মাণ করা হবে ১৭টি শিল্প কলকারখানা। বাকি জমিতে তৈরি হবে দৃষ্টিনন্দন জলাধারা। এরই মধ্যে উৎপাদনও শুরু করেছে ডাবল গ্লেজিং গ্লাস ফ্যাক্টরি। তাছাড়া প্রবাসী অধ্যুষিত সিলেটে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন হওয়ায় এতদিন প্রবাসী আয়ের পাশাপাশি সিলেট, দেশের শিল্পবিপ্লবেও রাখবে ব্যাপক ভূমিকা, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেরপুরে শ্রীহট্র অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিক, মৌলভীবাজার পৌর সভার মেয়র মো. ফজলুর রহমান, বেজার সদস্য (অ্যাডমিনিট্রেশন অ্যান্ড ফাইনান্স) আব্দুল আজিম চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহতাব মিয়া ও ডাবল গেজিং ইন্ডাস্ট্রির চেয়ারম্যান পলি আক্তার।