মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকা নিহত

প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম (৫০) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে। আজ সোমবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে গাংনীর মালসাদহ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শামীমা খাতুন করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও একই গ্রামের ফিরোজ আহমেদের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত শামীমা ইসলাম তাঁর স্বামী ফিরোজ আহমেদের সঙ্গে মোটরসাইকেলে মালসাদহ ব্রীজ সংলগ্ন শোভা মটরস অ্যান্ড মেশিনারিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামীমা। ঘটনার পরপরই ড্রাম ট্রাকসহ পালিয়ে যায় চালক ও তার সহযোগী। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল নিহত শামীমা ইসলাম ও আহত ফিরোজ আহমেদকে উদ্ধার করে।

গাংনী থানার ডিউটি অফিসার এসআই রাতুল জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।