ডিসিদের ওবায়দুল কাদের

নির্বাচনের আগে নতুন রাস্তা নয়

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের কোথাও নতুন কোনো রাস্তা না করতে ডিসিদের নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিদ্যমান সড়কের মেরামত ও সংরক্ষণকে অগ্রাধিকার দিতে বলেছেন।

গতকাল বুধবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে এ নির্দেশনার কথা জানান তিনি। সড়ক পরিবহনে শৃঙ্খলা আনার জন্য কাজ করার পাশাপাশি সম্মেলনে তিনি তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে যেন তা গরিব মানুষের জীবিকা অর্জনে বাধা না হয়, সেদিকে নজর দেয়ার পরামর্শও দিয়েছেন।

বিফ্রিংয়ে কাদের বলেন, আমার মন্ত্রণালয়ে সরকারের উন্নয়নমূলক অবকাঠামো পদ্মা, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, শত সেতু শত রাস্তা, ওভার পাস, ফ্লাইওভার সব কর্মকাণ্ডে এগুলো দৃশ্যমান। এগুলো নিয়ে কথা বলে আমি সময় নষ্ট করতে চাইনি। এগুলো সবাই দেখেছে, দৃশ্যমান।

আমি ডিসি সাহেবদের গুরুত্ব দিয়ে বলেছি, আমি এখন আর কোনো নতুন রাস্তা করতে চাই না। আগামী নির্বাচনের আগে যে রাস্তাগুলো বিদ্যমান আছে, সে রাস্তাগুলো মেরামত করতে চাই, ব্যবহারযোগ্য করতে চাই। যেগুলো আছে সেগুলো মেরামত করা, সংরক্ষণ করা আমাদের প্রথম ও প্রধান কাজ।

মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার ছোট বাহনের চলাচল প্রসঙ্গে তিনি বলেন, ছোট যান মোটরসাইকেল ঢাকা শহরে অনেক নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, তা ৯৫ শতাংশ। ঢাকায় চালক ও আরোহী দুজনই হেলমেট ব্যবহার করছে। কিন্তু মফস্বলে তিনজন এক মোটরসাইকেলে, কারও মাথায় হেলমেট নেই। এ বিষয়গুলো দেখার জন্য বলেছি।

তিন চাকার বাহন চলাচলের বিষয়ে নীতিমালা তৈরিতে সড়ক পরিবহন ও সেতু সচিবকে নিদের্শনা দেয়ার কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, গরিব মানুষের জীবন যেমন আছে, জীবিকাও আহরণ করতে হবে। তাদের জীবিকার চাকাটা আমরা বন্ধ করে দিতে পারি না। কাজেই এগুলোকে একটা নীতিমালার মধ্যে নিয়ে আসতে হবে। নীতিমালা প্রণয়নের কাজ চলছে, যত তাড়াতাড়ি সম্ভব নীতিমালা প্রণয়ন করতে হবে।

এখন দায়িত্ব হলো এসব যান শহরে ও হাইওয়েতে যানজট সৃষ্টি করে। দুর্ঘটনায় দেখা যায় একটা ইজিবাইক দুর্ঘটনা হলে ১০-১২ জন মারা যায়। বড় দুঘটনায়ও এই পরিমাণে মারা যায় না। এখন দুর্ঘটনার হার কমে গেছে, দুর্ঘটনার মৃত্যুর হার বেড়ে গেছে। মোটরসাইকেল, ইজিবাইক ও নসিমন-করিমনকে নিয়ন্ত্রণ করতে হবে।

সড়কে পরিবহন চলাচলে শৃঙ্খলা আনা ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেক রাস্তা হয়েছে, অনেক সেতু হয়েছে, শৃঙ্খলা না এলে এগুলো ম্লান হয়ে যাবে। সেজন্য আমি শৃঙ্খলার ওপরে গুরুত্ব দিয়েছি। ডিসিদের বলেছি, শৃঙ্খলার বিষয়ে সহযোগিতা করতে এবং তারা করবেন।’