প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার পথে বাবা ও ছেলে নিখোঁজের দুই দিন পর যমুনা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের সিন্দুর আটা গ্রামের শহীদুল তালুকদারের ছেলে ও ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার (৪২) ও তার ছেলে আশিক বাবু (১৩)।
মঙ্গলবার (২ মে) সকালে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার বাবা ও ছেলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৭টায় দূর্গম চরাঞ্চল চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদী থেকে আশিক বাবুর মরদেহ উদ্ধার করে। এর আগে, একই স্থান থেকে সোমবার (১ মে) সন্ধ্যায় রিপন তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বাবা ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রিদোরতা গ্রামে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাদের মোবাইল ফোন বন্ধ পেয়ে সোমবার দুপুরে কাজিপুর থানায় একটি নিখোঁজ হওয়ার বিষয়ে সাধারণ ডায়েরী (জিডি) করেন। পরে সোমবার সন্ধ্যায় দুর্গম অঞ্চলের বারজান এলাকায় থেকে রিপন তালুকদারের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার বলেন, আজ সকাল ৭টায় নিহতের স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় নিশ্চিন্তপুর ইউনিয়নের দুর্গম অঞ্চলের যমুনা নদী থেকে নিখোঁজ আশিক বাবু মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রিপন তালুকদার ও তার ছেলের মরদেহে বাহ্যিক কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটা হত্যাকাণ্ড কিনা সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।




