আরিফুল-মালিকসহ বিএনপির আট নেতার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মালিককে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া আরও পাঁচজন নেতাকেও পদোন্নতি দিয়েছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়।

সুইডেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আবেদিন মোহনকে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাবকে সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান সুমনকে সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হয়।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে পদোন্নতি পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক লিটন মাহমুদকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়।