ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩২০০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট আটক

প্রতিনিধি, কুমিল্লা: ঘূর্ণিঝড় রেমাল উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৬৩ হাজার ২০০ শলাকা বিভিন্ন বিদেশি অবৈধ সিগারেট আট করা হয়েছে। কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া এর বিভাগীয় কর্মকর্তা উপ কমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ এর নেতৃত্বে একটি টিম রাজস্ব ফাঁকি দেয়া এই বিপুল পরিমাণ সিগারেট আটক করেছেন।

কুমিল্লা ভ্যাট কমিশনারেট সূত্রমতে, কুমিল্লা ভ্যাট কমিশনারেটের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার বিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে একটি টিম ২৭ মে সোমবার অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পর থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত ঘূর্ণিঝড় রেমাল উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ সংলগ্ন ‘মঠের গোড়া’, মসজিদ রোড, কাউতলী ও অন্যান্য এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে পরিচালিত এই অভিযানে ৬৩ হাজার ২০০ শলাকা বিভিন্ন ব্রান্ডের অবৈধ বিদেশি সিগারেট ও চুরুট আটক করা হয়।

আটক করা সিগারেটের মধ্যে রয়েছে-২৫ হাজার ৮০০ শলাকা অরিস, ১৫ হাজার ৮০০ শলাকা মন্ড, ৯ হাজার ৫৮০ শলাকা এসে, ৮০০ শলাকা ব্ল্যাক, ৬০০ শলাকা ম্যানচেস্টার, ৪০০ শলাকা মার্লবোরো, ৪ হাজার ৭২০ শলাকা এক্সএসও, ২ হাজার ৮০০ শলাকা ডানহিল, এক হাজার শলাকা স্টেট এক্সপ্রেস ৫৫৫, ৮০০ শলাকা প্যাট্রন, ২০০ শলাকা গুরু, ১৬০ শলাকা গুদাংগরম, ২০০ শলাকা পিকক সিগারেট, ডব্লিউটি ৯৯৯ ব্রান্ডের ৩৩০টি, ২৫টি এরিনমোর ও ৫টি বিকে ব্ল্যাক চুরুট।

আটক সিগারেট ও চুরুটের আনুমানিক খুচরা মূল্য প্রায় ২০ লাখ টাকা। কাস্টমস আইন, ১৯৬৯ এর আওতায় আইনি কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান। এই অভিযানের আগে চারটি রেস্তোরাঁ, একটি পরিবেশক প্রতিষ্ঠান ও একটি চা মোড়কজাতকারী প্রতিষ্ঠানে নিবারণী কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানসমূহের বাণিজ্যিক দলিলাদি আটক ও জব্দ করেন ভ্যাট কর্মকর্তারা।