শেয়ার বিজ ডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৯৬ জন নিহত হয়েছে। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। একই সময়ে, প্রতিবেশী দেশ লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন ২ হাজার ৭১০ জন। সব মিলিয়ে অঞ্চল দুটিতে ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৪৬ হাজার মানুষ নিহত হয়েছে। খবর: আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তার আগের ৪৮ ঘণ্টায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন ইসরায়েলি আগ্রাসনে। এর ফলে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় বিগত এক বছরের বেশি সময়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ২০ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রায় ১ লাখ ১ হাজার ১১০ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
এদিকে, গত সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চলমান বিমান হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ২ হাজার ৭১০ জনে পৌঁছেছে। এতে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে প্রায় ১২ হাজার ৫৯২ জন আহত হয়েছে। জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থাকে ইসরায়েলে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থা ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বা ইউএনআরডব্লিএ নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে। ফিলিস্তিন, বিশেষ করে গাজায় ত্রাণসহায়তার জন্য লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয় ইউএনআরডব্লিএকে। কিন্তু নতুন এই আইনের ফলে ইসরায়েলি ভূখণ্ড থেকে ফিলিস্তিনি অঞ্চলে আর ত্রাণসহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারবে না সংস্থাটি।
ইসরায়েলি পার্লামেন্টে এসংক্রান্ত বিলটি ৯২-১০ ভোটে পাস হয়। পার্লামেন্টে আরব বংশোদ্ভূত ইসরায়েলি আইনপ্রণেতারা এই বিলের বিরোধিতা করেন। ইউএনআরডব্লিএকে নিষিদ্ধ করার পাশাপাশি গতকাল আরও একটি বিল ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে উত্থাপন করা হয়। বিলটিতে জাতিসংঘের ত্রাণসহায়তা সংস্থাটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়। সোমবার এই বিল পার্লামেন্টে পাস হলেও শিগগির এটি আইনে পরিণত হবে না। তবে এই বিল এমন এক মুহূর্তে পাস হলো, যখন গাজার প্রায় শতভাগ মানুষ খাদ্যসংকটে ভুগছে।




