শেয়ার বিজ ডেস্ক: চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো কতটা বিনিয়োগ করতে পারবে, সে–বিষয়ক নিয়মকানুন চূড়ান্ত করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা মনে করে, চীনের এসব খাতে বিনিয়োগ তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। খবর: রয়টার্স।
২০২৩ সালের আগস্টে যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের ভিত্তিতে চলতি বছরের জুনে অর্থ মন্ত্রণালয় এ প্রস্তাবের খসড়া প্রস্তুত করেছে। নির্বাহী আদেশে মূলত তিনটি খাতে বিনিয়োগ সীমাবদ্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো হলো সেমিকন্ডাক্টর, মাইক্রোইলেকট্রনিকস কোয়ান্টাম ইনফরমেশন টেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক অন্যান্য খাত। ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয়ের নবসৃষ্ট বিভাগ অফিস অব গ্লোবাল ট্রানজেকশনস বিষয়টি দেখভাল করবে।
যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এসব প্রযুক্তিতে বিনিয়োগ সীমিত করার যুক্তি হিসেবে বলেছে, ভবিষ্যতের সামরিক ও নিরাপত্তা অভিযানে এসব ব্যবহৃত হবে। তারা মনে করছে, সামরিক বাহিনী, সাইবার নিরাপত্তা, নজরদারি ও গোয়েন্দা তৎপরতার আধুনিকায়নে এসব প্রযুক্তি ব্যবহৃত হবে। ফলে এসব প্রযুক্তি কার হাতে থাকবে, তার সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তার সম্পর্ক রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা পল রোজেন বলেন, এই বিধিবিধানে কোয়ান্টাম কম্পিউটিং ও সামরিক হার্ডওয়্যার রয়েছে। কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তি দিয়ে গুপ্ত সংকেতব্যবস্থা ভেঙে ফেলা সম্ভব। যে সামরিক হার্ডওয়ারের কথা বলা হয়েছে, তা দিয়ে আগামী দিনের যুদ্ধবিমান তৈরি করা হবে।
উল্লেখ্য, যেসব দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে, সেসব দেশকে উচ্চ প্রযুক্তি বিকাশে যুক্তরাষ্ট্র কোনো রকম সহায়তা করবে না। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও জ্ঞান ব্যবহার করে চীন বিশ্ববাজারে প্রভাব বিস্তার করবে—যুক্তরাষ্ট্র তা হতে দিতে চায় না।
নতুন এই বিধিতে কিছু ছাড়ও দেয়া হচ্ছে। বিনিয়োগকারীরা চীনের তালিকাভুক্ত কোম্পানিগুলোয় বিনিয়োগ করতে পারবে। বিদ্যমান নিষেধাজ্ঞায় চীনের যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য হুমকি, সেসব কোম্পানিতে বিনিয়োগে নিষেধাজ্ঞা রয়েছে। তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।
যুক্তরাষ্ট্রের হাউস সিলেক্ট কমিটি বিনিয়োগকারীদের বিরুদ্ধে অনেকটা উচ্চকণ্ঠ। তারা মনে করে, দেশের কোম্পানিগুলো চীনের এমন সব কোম্পানিতে বিনিয়োগ করছে, যেগুলোর সঙ্গে দেশটির সামরিক বাহিনীর যোগ রয়েছে। সে কারণে বিনিয়োগের ওপর নজরদারি বাড়াতে যুক্তরাষ্ট্রে এত তোড়জোড়।




