টানা পতনে তিন দিনে সূচক কমেছে ৪০ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজি-বাজার সপ্তাহের তিন কার্যদিবসে তিন দিনই পতন হয়েছে। চলতি সপ্তাহের এ কয়দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪০ পয়েন্ট। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের উত্থান হলেও দিনের শেষে এসে কমেছে প্রধান এবং শরিয়াভিত্তিক সূচক। এতে করে গত সপ্তাহে ৫১৬৬ পয়েন্ট নিয়ে চলতি সপ্তাহে লেনদেন হওয়া ডিএসইএক্সের সূচক টানা তিন দিনের পতনে কমে হয়েছে ৫১২৬ পয়েন্ট।

একদিনের লেনদেনে ডিএসইএক্স কমেছে ৩ পয়েন্ট। শরিয়াভিত্তিক ডিএসইএস কমেছে ৪ পয়েন্ট। তবে সূচক বেড়েছে বাছাইকৃত শেয়ারে সূচক ডিএস-৩০ বেড়েছে ২ পয়েন্ট।
সূচক কমলেও দিনের লেনদেনে দাম বেড়েছে বেশির ভাগ কোম্পানির। লেনদেন হওয়া ৪০২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩, কমেছে ১৫২ এবং অপরিবর্তিত আছে ৭৭ কোম্পানির শেয়ারের দাম।

খাতভিত্তিক শেয়ারে সর্বোচ্চ সিরামিক খাতের শেয়ারের দাম বেড়েছে ৩ দশমিক ৫৮ শতাংশ। অন্যান্য খাতের মধ্যে খাদ্যশিল্প, টেক্সটাইল, টেলিকমিউনিকেশন, কাগজশিল্প, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড এবং করপোরেট বন্ডের দাম বেড়েছে। উল্লেখযোগ্য বাকি খাতে চামড়াশিল্প, প্রযুক্তি খাত এবং পাটশিল্প কেন্দ্রিক কোম্পানির শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বেশির ভাগ কোম্পানির দাম বাড়লেও ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান খাতে সার্বিক মূল্যমান নেমেছে নেতিবাচকের ঘরে।
ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে ছিল বি-ক্যাটাগরির কোম্পানি ওমিক্স ইলেকট্রোড লিমিটেড। একদিনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬ দশমিক ৮৭ শতাংশ।

সর্বশেষ ওমিক্সের প্রতিটি শেয়ার ২৮ টাকা দরে লেনদেন হয়েছে। অন্যদিকে ৯ দশমিক ৭৮ শতাংশ দাম কমে দরপতনের শীর্ষে ওঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। একদিনে কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ ১০৮ দশমিক ১০ টাকা উঠলেও লেনদেশ শেষ হয়েছে ৯৭ দশমিক ৮০ টাকায়।গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৩১ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৪৪ কোটি ৩ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৫ কোটি ৭২ লাখ টাকা। এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের ১২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- অগ্নিসিস্টেম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ড্রাগন সোয়েটার, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম, মালিক স্পিনিং, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং লাভেলো আইসক্রিম।


এদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে। একদিনের লেনদেনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২১ পয়েন্ট। লেনদেন হওয়া ১৮৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৬, কমেছে ৭০ এবং অপরিবর্তিত আছে ৩০ কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে সূচক বাড়লেও গতদিনের তুলনায় কমেছে লেনদেন। সারা দিন সিএসইতে ১০ কোটি ২৮ লাখ টাকা লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় ২১ কোটি টাকা কম।