শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাজ্যের এক জুনিয়র স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই সঙ্গে ক্ষমতাসীন লেবার পার্টি থেকেও তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। খবর: রয়টার্স।
একটি হোয়াটসঅ্যাপ বার্তার কারণে জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুইনকে বরখাস্ত করা হয়েছে। তবে মন্ত্রীর দাবি, তার বক্তব্য ভুল বোঝা হয়েছে। তবে এ ঘটনার জন্য তিনি এক্স হ্যান্ডলে ক্ষমা চেয়ে বলেছেন, তিনি ডেইলি মেইলের একটি প্রতিবেদনের পর দুঃখ প্রকাশ করছেন। প্রতিবেদনে বলা হয়েছিল, তিনি হোয়াটসঅ্যাপে তার নির্বাচনী এলাকার জনগণ এবং অন্য সংসদ সদস্যদের নিয়ে অপমানজনক বার্তা পাঠিয়েছিলেন।
অ্যান্ড্রু গুইনের বিরুদ্ধে ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্ণবাদী ও যৌন উত্তেজক বার্তা দেয়ার অভিযোগ আনা হয়েছে।
মন্ত্রী বলেন, আমি গভীরভাবে আমার ভুলভাবে বিচার করা মন্তব্যগুলোর জন্য অনুতপ্ত এবং যেকোনো অসন্তোষের জন্য ক্ষমাপ্রার্থী। প্রধানমন্ত্রী এবং দলের নেয়া সিদ্ধান্ত আমি বুঝতে পারছি। বরখাস্ত হওয়ায় আমি খুবই দুঃখিত, তবে সরকার ও জনগণকে যেকোনোভাবে সমর্থন করব।
সরকারের একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী স্টারমার জনসেবায় উচ্চ মান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, যেকোনো মন্ত্রী এ মানদণ্ডে ব্যর্থ হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী দ্বিধা করবেন না।
লেবার পার্টি গত জুলাইয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয় পায়। তবে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, দলের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। অর্থনীতি নিয়ে ব্যাপক চাপের মুখে রয়েছে লেবার সরকার। এর মধ্যে গত মাসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদের খবর প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম। এর জেরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আর্থিক পরিষেবার দায়িত্বে থাকা মন্ত্রী টিউলিপ পদত্যাগ করেন। তার আগে গত নভেম্বরে পরিবহনমন্ত্রী লুইস হেইগ পদত্যাগ করেন। সরকারে যোগ দেয়ার আগে একটি ছোট অপরাধের জন্য দায় স্বীকার করে পদত্যাগ করেন তিনি।




