ট্রাম্প–পুতিন বৈঠক চলতি মাসেই

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চলতি মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পারেন। পাশাপাশি তিনি সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে অনুষ্ঠিত মার্কিন-রুশ আলোচনায় ইউক্রেন বাদ পড়ায় কিয়েভের উদ্বেগকে উড়িয়ে দিয়েছেন। খবর: আল-আরাবিয়া।

ফ্লোরিডায় অবস্থিত নিজ বাসভবন মার-এ-লাগোয় নিজের ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি এখনও চলতি মাস শেষ হওয়ার আগে পুতিনের সঙ্গে বৈঠকের আশা করছেন? জবাবে তিনি বলেন, সম্ভবত। এর আগে রিয়াদে অনুষ্ঠিত মার্কিন-রুশ আলোচনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলনের জন্য কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি। ট্রাম্প প্রথমবারের মতো রিয়াদে অনুষ্ঠিত বৈঠকের পর ইউক্রেন বিষয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাজের সম্পর্ক গড়ে ওঠার কথা বলেন। তিনি বলেন, আলোচনার পর তিনি একটি চুক্তি হওয়ার বিষয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। ট্রাম্প বলেন, আলোচনা খুবই চমৎকার হয়েছে। রাশিয়া কিছু একটা করতে চায়। তারা এই নৃশংস বর্বরতা বন্ধ করতে চায়।
তিনি আরও বলেন, আমি মনে করি, এই যুদ্ধ বন্ধ করার ক্ষমতা আমার আছে এবং বিষয়টি খুব ভালোভাবে এগোচ্ছে। এরপর তিনি ইউক্রেনকে ভর্ৎসনা করেন তাদের বাদ পড়ার বিষয়ে অভিযোগ করার জন্য।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রিয়াদে অনুষ্ঠিত চার ঘণ্টার বেশি দীর্ঘ এ আলোচনা থেকে তার দেশকে বাদ দেয়ার কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি খুব হতাশ। আমি শুনেছি তারা আমন্ত্রণ না পাওয়া নিয়ে ক্ষুব্ধ। এ সময় তাকে জিজ্ঞাসা করা হয়, যেসব ইউক্রেনীয় মনে করেন তারা বিশ্বাসঘাতকতার শিকার—তাদের উদ্দেশ্যে তিনি কী বলবেন। ট্রাম্প ইউক্রেনের বাদ পড়ার বিষয়ে বলেন, কিয়েভের তিন বছর আগেই রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা উচিত ছিল যাতে মস্কোর আগ্রাসন এড়ানো যেত। তিনি বলেন, আজ আমি শুনেছি, আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু তোমরা তো তিন বছর ধরে সেখানে আছ, এটা তো সে সময়ই শেষ করা উচিত ছিল…এটা শুরুই করা উচিত হয়নি। তোমরা একটা চুক্তি করতে পারতে। ট্রাম্প ইউক্রেন ইস্যুতে বাইডেনের ভূমিকার কঠোর সমালোচনাও করেছেন।