নতুন কোম্পানি আনতে পুঁজিবাজার নীতিমালায় পরিবর্তন জরুরি: আবু আহমেদ

পুঁজিবাজারে নতুন কোম্পানি আনতে হলে বর্তমান নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড আয়োজিত বৈশাখী গ্রাহক মেলায় তিনি একথা বলেন।

অধ্যাপক আবু আহমেদ বলেন, কোম্পানিগুলোর জন্য পুঁজিবাজারে আসার পথ সহজ করলে তারা ব্যাংক ঋণের উপর নির্ভর না করে জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করবে। সরকারকে উদ্যোগ নিয়ে জানতে হবে—কী সুবিধা দিলে কোম্পানিগুলো আইপিওতে আসবে। দেশের ও বিদেশের বড় কোম্পানিগুলোকে বাজারে আনতে হলে তাদের প্রয়োজন অনুযায়ী পরিবেশ তৈরি করতে হবে।

পুঁজিবাজারে ৩৮০টির মতো শেয়ার রয়েছে, যার সবগুলোই বিনিয়োগযোগ্য নয় বলে উল্লেখ করে তিনি আরও বলেন, যাচাই-বাছাই করে বুঝে-শুনে বিনিয়োগ করতে হবে। শুধুমাত্র কারো কথায় বা পরামর্শে বিনিয়োগ করলে ঝুঁকি বাড়ে। গেম্বলিংয়ের মতো আচরণ থেকে দূরে থাকতে হবে। একজন প্রকৃত বিনিয়োগকারী হতে হবে। সততা পুঁজিবাজারে টিকে থাকার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি অসৎ হন, বাজার আপনার সব টাকা নিয়ে যাবে।

অনুষ্ঠানে আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ বলেন, পুঁজিবাজার আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। যদিও নানা কারণে বাজার অনেক সময় ধাক্কা খায়, তবে ভবিষ্যতে এর অবস্থা ভালো হবে বলেই আশা করি। কারণ অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বাজার নিয়ে নানা ইতিবাচক চিন্তা ও পদক্ষেপ নিচ্ছে। টাস্কফোর্সসহ নানা উদ্যোগ তার প্রমাণ।

তিনি আরও বলেন, পুঁজিবাজারে সফল হতে হলে ধৈর্য ধরে বিনিয়োগ করতে হবে। সবসময় ট্রেডিং নয়, বিনিয়োগ মনোভাব নিয়ে এগোতে হবে। এখানে যেমন লাভ আছে, তেমনি ক্ষতির সম্ভাবনাও থাকে। তাই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

আইসিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন বলেন, পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু অনেক সময় তাদের অবহেলা করা হয়। ভালো শেয়ার বাজারে আনতে হলে মার্চেন্ট ব্যাংককে গুরুত্ব দিতে হবে।

তিনি জানান, পুঁজিবাজার মানেই অনেকে লাখ কোটি টাকার হিসাব কষে ফেলেন, ফলে সাধারণ মানুষ দূরে থাকে। অথচ আইসিএমএল ‘টিআইপি’ নামে একটি প্রোডাক্ট চালু করেছে, যেখানে মাত্র ১ হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। এতে কর ছাড়ের সুবিধাও রয়েছে, আর এটি পরিচালনা করছেন দক্ষ একটি দল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা, জিসকা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম খানসহ কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও বিনিয়োগকারীরা।