চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ানে সিআরআরসি তালিয়ান কোম্পানি থেকে গত সোমবার চীনের প্রথম ১০০০ কিলোওয়াট ব্যাটারিচালিত ট্রেনের ব্যাচ উৎপাদন লাইন থেকে বের হয়।
প্রথম ধাপে ১০টি ট্রেন ইস্পাত কারখানায় ব্যবহৃত হবে, যা পুরনো ডিজেল ইঞ্জিনের জায়গা নেবে।
এই ট্রেনে রয়েছে শক্তিশালী লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এবং আধুনিক ফাস্ট-চার্জিং প্রযুক্তি। ফুল চার্জ হবে মাত্র ৭০ মিনিটে। তরল-শীতল প্রযুক্তি চার্জিং স্থিতিশীল রাখে।
সিআরআরসি তালিয়ান চেয়ারম্যান জানান, ‘এই ট্রেনগুলো শিল্প ও খনি এলাকায় ব্যবহারের জন্য উপযুক্ত। এটি বিদ্যুৎচালিত হওয়ায় কার্বন নিঃসরণ নেই।’ এতে চালকবিহীন স্মার্ট সিস্টেম, উন্নত ভিশন প্রযুক্তি এবং বেইতৌ পজিশনিংসহ স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ প্রযুক্তি যুক্ত আছে, যা কাজের গতি ও নিরাপত্তা বাড়ায়।
প্রসঙ্গত, এই উন্নত প্রযুক্তির ব্যাটারিচালিত ট্রেনগুলি চীনের পরিবহন খাতে সবুজ ও টেকসই প্রযুক্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি পরিবেশবান্ধব এবং জ্বালানি সুরক্ষা পরিবহন ব্যবস্থা উন্নয়নে দেশটির সরকারের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন বলে বিবেচিত হচ্ছে।
সূত্র: সিএমজি




