কোহিনূর কেমিক্যাল

উৎপাদন খরচ কমায়  আয়-মুনাফা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : চলতি আর্থিক বছরে আয়-মুনাফায় এগিয়েছে কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা প্রায় প্রায় ২৮ দশমিক ৪২ শতাংশ বেড়েছে। চলতি আর্থিক বছরের ৯ মাসে প্রায় ৪২ কোটি ৩৫ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা এর আগের আর্থিক বছরের একই সময়ে ছিল প্রায় ৩২ কোটি ৯৮ লাখ টাকা। এ হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা প্রায় ৯ কোটি ৩৭ লাখ টাকা বেড়েছে।  পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কোহিনূর কেমিক্যালের চলতি আর্থিক বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিক এবং ২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষণে দেখা গেছে, উৎপাদন ব্যয় কমিয়ে মুনাফা প্রবৃদ্ধি ধরে রেখেছে স্বনামখ্যাত কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, চলতি  আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে কোহিনূর কেমিক্যালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে চার দশমিক ৫৫ টাকায়, যা আগের হিসাববছরের একই সময়ে ছিল তিন টাকা ৩৯ টাকা। অর্থাৎ আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় এক দশমিক ১৬ টাকা বা ৩৪ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চলতি আর্থিক বছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ দশমিক ৪৩ টাকা। এর আগের আর্থিক বছরের একই সময়ে ইপিএস ছিল আট দশমিক ৯০ টাকা। এ হিসেবে ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দুই দশমিক ৫৩ টাকা বা ২৮ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোহিনূর কেমিক্যাল কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ দশমিক ৫৭ টাকা।

১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন আট কোটি ৩৭ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ১৮৫ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা প্রায় তিন কোটি ৭০ লাখ। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানিটির উদ্যোক্তাদের পরিচালকদের হাতে ৫০ দশমিক ৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩ দশমিক ৬৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে দশমিক শূন্য দশমিক শূন্য চার শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে ৩৫ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে।