প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন এক মা। গত শনিবার গভীর রাতে উপজেলার বৈলাব গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জাবের হোসেনকে আটক করেছে পুলিশ। হত্যার শিকার শামসুন্নাহার উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নুরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ এবং স্থানীয়রা জানান, জাবের হোসেন একজন মাদকসেবী। মৃত নূরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে। তার বড় ভাই বিদেশে থাকেন। বাড়িতে মা এবং ছোট ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই সে মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। শনিবার রাতে জাবের মাদকের টাকা না দেয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মাকে হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিল জাবের। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে গতকাল রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে শিবপুুর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার এবং জাবের হোসেনকে আটক করে।
শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন বলেন, ‘মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভেতরে তার নিজের মাকে দরজার হাতলে বেঁধে পিটিয়ে হত্যা করেছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা করা হবে।’




