প্রতিনিধি, শেরপুর : শেরপুরে নিরাপদ খাদ্যবিষয়ক এক কর্মশালা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল বুধবার এ কর্মশালা হয়। কর্মশালায় নিরাপদ খাদ্য আইন, খাদ্যের নিরাপত্তা, খাদ্য অনিরাপদ হওয়া, ভোক্তা-খাদ্য ব্যবসায়ী ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাবার চেনার উপায়, খাদ্যজাত আবর্জনা ও বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্যবিষয়ক পারিবারিক নির্দেশিকা বিষয়ে বিস্তারিত আলোচনা ও করণীয় সম্পর্কে ধারণা দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ ন ম নাজিম উদ্দীন ও প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের সিনিয় কনসালটেন্ট মো. আইয়ুব হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিলুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন। কর্মশালায় অন্যদের মধ্যে শেরপুর চেম্বারের প্রতিনিধি মো. আওয়াল চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা, জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইওয়ান মো. শহিদুর হমান, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা এ্যানী সুরাইয়া মিলোজ প্রমুখ বক্তব্য দেন।
জেলা পর্যায়ের এ কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডার, ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতা, এনজিও প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ শতাধিক সুধী অংশ নেন।




