থাকছে প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ছবি

রোববার বাজারে আসছে নতুন নোট

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ১ জুন থেকে ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ডিজাইনে তৈরি নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) পরিচালক ও সহকারী মুখপাত্র মহুয়া মহসীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান ব্যাংক নোট ১ জুন থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলন করা হবে।
এতে আরও বলা হয়, নোটগুলো সেদিন প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ও পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। এসব মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।

এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান নমুনা নোট (অবিনিময়যোগ্য) মুদ্রণ করা হয়েছে; যা মিরপুর টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে। এসব মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে নতুপ্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে বলে জানানো হয়।

এর আগে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছিলেন, সব ধরনের নোট একসঙ্গে ছাপানো সম্ভব নয়। তবে সবগুলো ছাপানোর উদ্যোগ নেয়া হয়েছে। ২-৩ ধরনের নোট চলতি মাসেই বাজারে আসবে। বাকিগুলো ধাপে ধাপে বাজারে আসবে। বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি সংবলিত ১০০০ টাকার নোট ২ জুন বাজারে ছাড়া হবে। আর ঈদের পর আসছে জুলাই বিপ্লবে শহিদ আবু সাঈদ ও মুগ্ধের অবয়ব সংবলিত ৫ টাকার নোট। আরিফ হোসেন খান আরও বলেছিলেন, এর আগে নোটের ডিজাইন পরিবর্তন করা হলেও খুব একটা পরিবর্তন করা হতো না। তবে এবার কোনো কোনো নোটে বড় ধরনের পরিবর্তন হতে পারে।