ক্রীড়া ডেস্ক: টানা ১১ ম্যাচ পর চ্যাম্পিয়নস লিগে গোলের দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। ধাক্কাটা অবশ্য গত পরশু আলিয়াঞ্জ অ্যারেনায় লেগেছিল রিয়াল মাদ্রিদের গায়ে। কিন্তু সফরকারীদের পথ হারাতে দেননি মার্সেলো ও বদলি নামা মার্কো অ্যাসেনসিও। তাদের নৈপুণ্যে শেষ পর্যন্ত ইউরোপ সেরার এ টুর্নামেন্টে বায়ার্নকে ২-১ গোলে ফাইনালের পথে এগিয়ে গেছে সান্তিয়াগো বার্ন্যাবুর দলটি।
বায়ার্ন মিউনিখের মাঠে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে জসুয়া কিমিচের গোলে পেছনে পড়েছিল রিয়াল। কিন্তু সে ধাক্কা বিরতির আগেই কাটিয়ে উঠেছিল জিনেদিন জিদান শিষ্যরা। ৪৪তম মিনিটে নিচু শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করে সমতায় ফেরান মার্সেলো।
দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় রিয়াল। লুকাস ভাসকেসের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় কোণাকুণি শটে গোলরক্ষককে পরাস্ত করেন বদলি নামা অ্যাসেনসিও। শেষদিকে সমতায় ফিরতে জোর চেষ্টা চালায় বায়ার্ন। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। যে কারণে ২-১ গোলের জয় নিয়ে কিছুটা স্বস্তিতেই ফেরে রিয়াল।
আগামী মঙ্গলবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্ন্যাবুতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ওঠার লড়াইয়ে মুখোমুখি রিয়াল-বায়ার্ন।




