“আসুন, গর্ভকালীন যত্ন নিয়ে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করি”
স্বাস্থ্যসম্মত গর্ভকালীন যত্ন (Antenatal Care—ANC) নিশ্চিত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই স্বাভাবিক প্রসব নিরাপদ ও সম্ভব। মা ও নবজাতকের সুস্বাস্থ্যের জন্য গর্ভকাল থেকেই সচেতনতা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে বিশেষজ্ঞরা নিয়মিত ANC, পরিবারকে সম্পৃক্ত করা এবং সঠিক জন্ম পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করছেন।
নিয়মিত ANC ভিজিটের গুরুত্ব: গর্ভাবস্থায় অন্তত ৮ বার চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর কাছে ANC ভিজিট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে রক্তচাপ, রক্ত ও প্রস্রাব পরীক্ষা করা হলে উচ্চ রক্তচাপ, রক্তস্বল্পতা, সংক্রমণসহ সম্ভাব্য জটিলতা আগেই শনাক্ত করা যায়। নিয়মিত ANC ভিজিট গর্ভবতী মাকে শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিকভাবেও প্রসবের জন্য প্রস্তুত করে।
স্বাভাবিক প্রসবের উপকারিতা: স্বাভাবিক প্রসবের ঝুঁকি তুলনামূলকভাবে কম এবং খরচও কম। এতে মা ও শিশু—উভয়েরই সুস্থ হয়ে ওঠা দ্রুত হয়। পাশাপাশি ভবিষ্যতে গর্ভধারণে জটিলতার আশঙ্কা কমে আসে। অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন এড়িয়ে চললে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিও হ্রাস পায়।
জন্ম পরিকল্পনা (Birth Plan) তৈরি করুন: ANC ভিজিটের সময়ই পরিবারসহ আলোচনা করে একটি সুস্পষ্ট জন্ম পরিকল্পনা তৈরি করা উচিত। এতে প্রসবের স্থান, যাতায়াত, জরুরি যোগাযোগ এবং প্রসব-সংক্রান্ত সিদ্ধান্তগুলো আগেই নির্ধারিত থাকে। স্বাভাবিক প্রসবকে অগ্রাধিকার দিতে হবে এবং কেবলমাত্র চিকিৎসাগত প্রয়োজনেই সিজারিয়ান অপারেশন বিবেচনা করা উচিত।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকে সম্পৃক্ত করুন: স্বামী, শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যদের সচেতনতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারকে জানাতে হবে—সব ক্ষেত্রে সিজার করা জরুরি নয়। সঠিক তথ্য ও ইতিবাচক মনোভাব গড়ে তুললে গর্ভবতী মায়ের আত্মবিশ্বাস বাড়ে এবং স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বৃদ্ধি পায়।
কমিউনিটি পর্যায়ে প্রচার বাড়ান: কমিউনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ কেন্দ্র এবং গণমাধ্যমের মাধ্যমে স্বাভাবিক প্রসবের উপকারিতা তুলে ধরা প্রয়োজন। বাস্তব অভিজ্ঞতা, উদাহরণ ও ভিডিওভিত্তিক সচেতনতা কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
“জন্ম হোক নিরাপদ, স্বাভাবিক হোক প্রসব!”
“গর্ভকালীন যত্ন নিন, সিজারের ঝুঁকি কমান!”
—
প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ সার্জন
ডা. তমা রানী পাল
কনসালটেন্ট, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
প্রিন্ট করুন











Discussion about this post