নিজস্ব প্রতিবেদক : স্বায়ত্তশাসনের প্রস্তাব বাতিল করার পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের পদত্যাগ চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ৩০ ভবনের সামনে এক প্রতিবাদ সভায় এই দাবি জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে।
সংগঠনটির সভাপতি একেএম মাসুম বিল্লাহ বলেন, ‘গত বছরের অক্টোবরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বায়ত্তশাসনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু কোনো প্রক্রিয়া ছাড়াই তা বাতিল করা হয়েছে। বর্তমান উপদেষ্টা যখন গভর্নর ছিলেন তখন তিনিও প্রস্তাবের পক্ষে ছিলেন। কিন্তু পরে তিনি প্রয়োজন নেই বলে গভর্নরকে চিঠি দেন। এ দ্বিমুখী অবস্থানের কারণে আমরা পদত্যাগের দাবি জানাচ্ছি। এক দিনের জন্য হলেও পদত্যাগ চাই।’
তিনি আরও বলেন, ‘আসন্ন নির্বাচনে এগিয়ে থাকা দুটি রাজনৈতিক দলই স্বায়ত্তশাসনের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা চাই যে দলই সরকার গঠন করুক কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন দ্রুত বাস্তবায়ন করবে।’
সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ লিখিত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর স্বায়ত্তশাসন ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সংশোধিত বাংলাদেশ ব্যাংক অর্ডারের প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিছু মৌলিক সংস্কার বাস্তবায়িত হলেও কাক্সিক্ষত অর্ডার সংশোধন না হওয়ায় কর্মকর্তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ও ব্যাংকের কার্যকারিতা প্রভাবিত হচ্ছে।
অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল জানায়, নির্বাচনের পর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তারা মনে করেন, স্বায়ত্তশাসনের বাস্তবায়ন ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়।
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা ও আইনি কাঠামো সুসংহত করার লক্ষ্যে প্রস্তাবিত বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন এখনও আলোর মুখ দেখেনি। ফলে কেন্দ্রীয় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, স্বায়ত্তশাসন নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে গত ৯ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগেও ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এর পক্ষ থেকে মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল।
তবে দীর্ঘ সময় পার হলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আর্থিক খাতের শৃঙ্খলা ও সুশাসন জোরদারের প্রশ্নে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক খাতের সংস্কার ও দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় একটি কার্যকর, স্বাধীন ও সক্ষম কেন্দ্রীয় ব্যাংক অপরিহার্য।
এ অবস্থায় সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি ইস্যুকৃত এক পত্রে অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন বিষয়ে তার অপারগতার কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অবহিত করেন। এই চিঠির বিষয়বস্তু কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে অসন্তোষের জš§ দিয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন মৌলিক কাঠামোগত সংস্কার উদ্যোগ বাস্তবায়িত হলেও বহুল প্রত্যাশিত বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন অধ্যাদেশ এখনো প্রণীত না হওয়ায় হতাশা আরও গভীর হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট মহলের মতে, প্রয়োজনীয় আইনগত সংস্কার ছাড়া বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা কঠিন হবে, যা দীর্ঘ মেয়াদে দেশের আর্থিক খাতের জন্য ঝুঁকিপূর্ণ।
প্রিন্ট করুন









Discussion about this post