নিজস্ব প্রতিবেদক: ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের পরও গত এপ্রিল মাসে দেশের অর্থনীতির গতি সামান্য বেড়েছে। নির্মাণ ও সেবা খাত সংকোচন ধারায় চলে গেলেও কৃষি ও উৎপাদন খাতে গতি বৃদ্ধিতে সামগ্রিকভাবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআইয়ের মাধ্যমে প্রতি মাসে অর্থনীতির গতি-প্রকৃতি প্রকাশ করা হয়। গত এক বছর ধরে অর্থনীতির গতি উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে।
চলতি বছরের এপ্রিল মাসে পিএমআই মান ১ দশমিক ১ পয়েন্ট বেড়ে ৫৪ দশমিক ৬ পয়েন্ট হয়েছে। তার আগের মাসে পিএমআই মান ছিল ৫৩ দশমিক ৫ পয়েন্ট। আর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পিএমআই মান ছিল যথাক্রমে ৫৩ দশমিক ৯ এবং ৫৫ দশমিক ৭ পয়েন্ট।
ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে পিএমআই প্রণয়ন করছে। গতকাল বৃহস্পতিবার এপ্রিলের পিএমআই প্রকাশ করা হয়।
পিএমআই অনুসারে, অর্থনীতির প্রধান খাত কৃষি ব্যবসা, নির্মাণ, উৎপাদন ও সেবা খাতের ৪০০টি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে পিএমআই প্রকাশ করা হয়। সূচক তৈরির ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে কাঁচামাল ক্রয়, পণ্যের ক্রয়াদেশ, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। মূলত পিএমআই শূন্য থেকে ১০০ নম্বরের মধ্যে পরিমাপ করা হয়। সূচকের মান ৫০-এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ এবং ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়।
উৎপাদন খাত টানা ১৮ মাস সম্প্রসারণের পর মার্চে সংকোচনে প্রবেশ করেছে। গত মাসে এই খাতের সূচক বেড়ে হয়েছে ৫৬ দশমিক ৯। তার আগের মাসে খাতটির সূচকের মান ছিল ৪৯ দশমিক ৭। কারখানার উৎপাদন ও কাঁচামাল ক্রয় বৃদ্ধি এবং উপকরণের দামের প্রবৃদ্ধির কারণে খাতটি ঘুরে দাঁড়িয়েছে। নতুন ক্রয়াদেশ, রপ্তানি আদেশ ও কর্মসংস্থান সম্প্রসারণে ফিরেছে।
একইভাবে কৃষি ব্যবসা খাত অষ্টম মাসের মতো সম্প্রসারণ ধারা বজায় আছে। যদিও গত মাসে সম্প্রসারণের গতি বেশ বেড়েছে। এপ্রিলে এ খাতের সূচকের মান ছিল ৭০ দশমিক ৭। তার আগের মাসে খাতটির সূচকের মান ছিল ৫১ দশমিক ৬। ব্যবসায়িক কার্যক্রম, উপকরণ ব্যয় ও ক্রয়াদেশ জটÑসব ক্ষেত্রেই শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। একই সঙ্গে নতুন ব্যবসা ও কর্মসংস্থান আবার সম্প্রসারণে ফিরেছে।
এদিকে নির্মাণ খাত গত মাসেও সংকোচন ধারা থেকে বের হতে পারেনি। এপ্রিলে খাতটির সূচকের মান ছিল ৪৪ দশমিক ৬। তার আগের মাসে সূচকের মান ছিল ৪৯ দশমিক ২। অন্যদিকে সেবা খাতের গতি গত মাসে কমেছে। গত এপ্রিলে খাতটির সূচকের মান ছিল ৫১ দশমিক ৮। তার আগের মাসে সেবা খাতের পিএমআই ছিল ৫৬ দশমিক ৪।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মাসরুর রিয়াজ বিবৃতিতে বলেন, ‘এপ্রিলের পিএমআই দেখাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি এখনও সম্প্রসারণমুখী ধারায় রয়েছে। উৎপাদন, কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে; যদিও নির্মাণ খাতে তীব্র সংকোচন দেখা গেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের মূল্যবৃদ্ধি, সরবরাহব্যবস্থায় বিঘ্ন এবং মূল্যস্ফীতির চাপ বাড়লেও সব খাতের ইতিবাচক ভবিষ্যৎ ব্যবসা সূচক ইঙ্গিত দিচ্ছে যে স্বল্প মেয়াদে ব্যবসায়িক আস্থা স্থিতিশীল এবং সতর্ক আশাবাদী অবস্থায় রয়েছে।’
প্রিন্ট করুন




Discussion about this post