শেয়ার বিজ ডেস্ক : বড়পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী তানজিন তিশার। শাকিব খানের হাত ধরে ঢালিউডে আত্মপ্রকাশের অপেক্ষায় তিনি। যদিও ‘ভালোবাসার মরশুম’ নামে কলকাতার একটি সিনেমায় অভিনয় করার কথা ছিলো তিশার।
তবে একই সময় শাকিবের ‘সোলজার’ ও ‘ভালোবাসার মরশুমে’র শিডিউল পড়ায় শাকিবের সিনেমাকে অগ্রাধিকার দিয়েছেন অভিনেত্রী। সঙ্গে ভিসা জটিলতাও ছিল। সম্প্রতি গণমাধ্যমকে এরকম জানিয়েছেন তিশা।
অভিনেত্রীর কথায়, “এটা সত্য, ভিসার একটা জটিলতা ছিলো। কিন্তু ‘সোলজার’ এবং ‘ভালোবাসার মরশুম’ সিনেমার শিডিউল একসাথে পড়ে যাওয়ায় পরে আমি আর ভারতীয় ভিসা পাওয়ার চেষ্টাই করিনি। কারণ, আমি বাংলাদেশের মেয়ে। আমার কাছে আগে বাংলাদেশ।”
এদিকে একাধিক গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়েছে ‘ভালোবাসার মরশুম’ ছবি থেকে তিশাকে বাদ দিয়েছেন কলকাতার পরিচালক এম এন রাজ। এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে এই পরিচালক বলেন, ‘আমি বাদ দেব কেন? আমরা অনেকদিন অপেক্ষা করেছি। ১ মাস শরমন জোশীর ডেট ম্যানেজ করা খুবই চাপ ছিলো তবুও সেটা ব্যবস্থা করেছি। কিন্তু অক্টোবর ছাড়া আমাদের পক্ষে আর শুট করা সম্ভব ছিলো না। আমরা নিজেদের মধ্যে আলোচনা করেই শুটিং শুরু করেছি। ভিসার কারণে তানজিন আসতে পারলো না কিন্তু আশা রাখি পরে অবশ্যই একসাথে কাজ হবে।’
শাকিবের ‘সোলজার’ সিনেমার কারণেই ভারতের সিনেমার কাজ ছেড়েছেন তিশা। তার এমন দাবিকে নাকচ করে ছবির পরিচালক বলেন, ‘না, সেটা নয়’।
গুঞ্জন উঠেছে এম এন রাজ পরিচালিত ‘ভালোবাসার মরশুম’ সিনেমায় তিশার জায়গায় নেয়া হয়েছে টলিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। তবে সুস্মিতা আগে থেকেই এই সিনেমার অন্য একটি চরিত্রের জন্য নির্ধারিত। পরিচালক জানালেন তিশা বাদ পড়ায় হিয়া চরিত্রে দেখা যাবে ওড়িশার অভিনেত্রী শিবানী সঙ্গীতাকে। ছবির শুটিং শুরু করেছেন তিনি।
এস এস/
প্রিন্ট করুন











Discussion about this post