নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আসরের নামাজের পর আয়োজিত এই বিশেষ দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দোয়া মাহফিলে অংশ নিতে বিকাল ৪টা নাগাদ মসজিদে পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে মসজিদের দ্বিতীয় তলায় মোনাজাতে অংশ নেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান এবং তাদের সন্তানরা।
দোয়া মাহফিলে বিএনপির কেন্দ ীয় নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান এবং ডা. এজেএম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা। দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ এই মিলাদে শরিক হন।
এছাড়া বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া পড়া হয়েছে। মুসল্লি ও সাধারণ মানুষজন এই দোয়ায় অংশ নেন।
দোয়ার আগে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। এরপর দোয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের বাসিন্দা করেন-এ কামনাও করা হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর বুধবার থেকে ২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
শোকের শেষ দিন গতকালও দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
প্রিন্ট করুন











Discussion about this post