নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ আট কর্মকর্তাকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে নির্ধারিত সময়ে পরিশোধে ব্যর্থ হওয়া এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা করে কমিশন।
গতকাল বৃহস্পতিবার বিএসইসি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‘জেনেক্স ইনফোসিস পিএলসি’ ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু কোম্পানির এই ঘোষিত নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ে পরিশোধে ব্যর্থ হয়। বিধি মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদান না করে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘনের দায়ে জেনেক্স ইনফোসিস পিএলসির সংশ্লিষ্টদের (তৎকালীন পরিচালনা পর্ষদ সদস্য) অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে তাদের মধ্যে জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাহজালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, পরিচালক প্রিন্স মজুমদার, পরিচালক ওরাকল সার্ভিসেস পিএলসি, পরিচালক নিলুফার ইমাম, তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা এবং তৎকালীন কোম্পানি সেক্রেটারিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
প্রিন্ট করুন











Discussion about this post