নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি জোর দিয়ে বলেন, প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটির অগ্রযাত্রা প্রমাণ করে যে, অতীতেও সরকার একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান আবারও প্রমাণ করেছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে জনগণ জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করে এসেছে, আর বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন









Discussion about this post