চট্টগ্রাম ব্যুরো : দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজস্ব বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের অগ্রাধিকার।
গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়াতে হবে। এর মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি করা সম্ভব। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়। সরকার দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে জোর দিচ্ছে। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
মন্ত্রী পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতাল নির্মাণের জন্য বাংলাদেশ নৌবাহিনী অধিগ্রহণকৃত মোট ১৪ দশমিক ২১৯০ একর ও ২ দশমিক ৭ একর জমি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক সুবিধা ও ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসক কার্যালয় ও সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা এবং সদস্য সরফরাজ কাদের রাসেলও উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা সহজতর হবে এবং চট্টগ্রামের চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে।
প্রিন্ট করুন











Discussion about this post