নিজস্ব প্রতিবেদক : ম্যানেজমেন্টের দৃঢ় দিকনির্দেশনা ও সমন্বিত কৌশলগত পরিকল্পনার ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের সুপারব্র্যান্ড ও টেক-জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি মুনাফা ও বিক্রয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে। ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬৩.৩৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৮.৮৭ কোটি টাকা বেশি। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৪৯তম সভায় পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
প্রতিবেদনের তথ্যমতে, চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর ২০২৫ সময়ে ওয়ালটনের বিক্রয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪৮ শতাংশ বা ২১৫.৮৬ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং বিচক্ষণতার সঙ্গে কাঁচামাল ক্রয়ের ফলে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
দ্বিতীয় প্রান্তিক শেষে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৯০ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯ টাকা ১৪ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৫৭ টাকা ২৪ পয়সা এবং পুনর্মূল্যায়নসহ ৩৫৮ টাকা ৪১ পয়সায় উন্নীত হয়েছে।
চলতি হিসাব বছরের ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ছয় মাসে ওয়ালটনের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ৪১ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৩০ পয়সা। অপারেটিং ক্যাশ ফ্লোতে এই উল্লেখযোগ্য উন্নতির পেছনে প্রধান কারণ হিসেবে ক্রেতাদের কাছ থেকে আগের বছরের তুলনায় ৮ দশমিক শূন্য ৭ শতাংশ বেশি অর্থ আদায় এবং কাঁচামাল ও অন্যান্য সরবরাহকারীদের অর্থ পরিশোধ ১৮ দশমিক ৯৭ শতাংশ কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের ওপর ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হলেও কোম্পানিটির অপারেটিং ক্যাশ ফ্লো শক্তিশালী অবস্থানে রয়েছে।
চলতি হিসাব বছরের আগামী প্রান্তিকগুলোতেও বিক্রয়, মুনাফাসহ অন্যান্য আর্থিক সূচকে উন্নতির ধারাবাহিকতা বজায় থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজমেন্ট।
প্রিন্ট করুন










Discussion about this post