নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে আজ বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। চাঁদ দেখার বিষয়টি জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
গতকাল বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসক, ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে।
তিনি বলেন, সেই হিসাবে আগামী ২৬ রমজান ১৬ মার্চ সোমবার দিবাগত রাত্রে পবিত্র লাইলাতুল কদর উদ্যাপিত হবে ইনশাআল্লাহ।
চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভায় আরও উপস্থিত ছিলেন-ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা।
প্রিন্ট করুন


Discussion about this post