নিজস্ব প্রতিবেদন: পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত রিং সাইন টেক্সটাইলস লিমিটেড তাদের বিদ্যমান ঋণ পরিশোধে নতুন উদ্যোগ নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডার লার্ক টেক্সটাইল লিমিটেড থেকে অর্থ নিয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর ঋণ পরিশোধের সিদ্ধান্ত অনুমোদন করেছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ইস্টার্ন ব্যাংকের কাছে থাকা দায় সমন্বয়ের লক্ষ্যে একটি প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাব অনুযায়ী, লার্ক টেক্সটাইল লিমিটেড থেকে ৯ কোটি ৫০ লাখ টাকা ঋণ গ্রহণ করা হবে। তবে এ সিদ্ধান্ত কার্যকর হবে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর, যা শিগগিরই বিশেষ সাধারণ সভা (ইজিএম) বা বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ উপস্থাপন করা হবে।
জানা গেছে, এই অর্থ ১০ বছরের জন্য বিনাসুদে নেওয়া হবে এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সমান ১০টি বার্ষিক কিস্তিতে পরিশোধ করা হবে। এই ঋণের মূল উদ্দেশ্য হলো ইস্টার্ন ব্যাংকের বিদ্যমান ঋণ পরিশোধ করা।
কোম্পানিটি আরও জানায়, মোট ঋণের প্রায় ১০ শতাংশ সমপরিমাণ ০.৩৩ মিলিয়ন মার্কিন ডলার মওকুফ সুবিধা পেয়েছে। পাশাপাশি ০.৭৮ মিলিয়ন ডলার ব্যবহার করে ইস্টার্ন ব্যাংকের শ্রেণিকৃত ঋণ পুনঃতফসিলের জন্য ডাউন পেমেন্ট দেওয়া হয়েছে।
প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে বিনাসুদে ঋণের কারণে উচ্চ ব্যাংক সুদের তুলনায় উল্লেখযোগ্য সুদ সাশ্রয় হবে, যা কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রিন্ট করুন











Discussion about this post