নিজস্ব প্রতিবেদক: নারী নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক সফলভাবে সম্পন্ন করেছে তাদের ফ্ল্যাগশিপ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রথম ব্যাচ। সিনিয়র পর্যায়ে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং নেতৃত্ব সক্ষমতা জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়।
‘ইলিয়া (ELEA) – এনলাইটেন্ড লিডার্স এক্সেমপ্লিফাই অ্যাচিভমেন্ট’ নামের এই বছরব্যাপী স্ট্রাকচার্ড প্রোগ্রামটি সম্ভাবনাময় নারী সহকর্মীদের নেতৃত্ব দক্ষতা, আত্মবিশ্বাস ও কৌশলগত অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ডিজাইন করা হয়েছে। এটি নারী কর্মীদের ক্যারিয়ার অগ্রগতিতে ব্র্যাক ব্যাংকের দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
বিভিন্ন ডিভিশন থেকে নির্বাচিত মোট ২৪ জন নারী সহকর্মী এই প্রোগ্রামে অংশ নিয়ে তাদের নেতৃত্ব বিকাশযাত্রা সফলভাবে সম্পন্ন করেন।
চারটি ধাপে বাস্তবায়িত ইলিয়া প্রোগ্রামে অংশগ্রহণকারীরা দক্ষতা ও স্ট্রেস ম্যানেজমেন্ট, ইনফ্লুয়েন্সিং ও কোলাবোরেশন, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং প্রাতিষ্ঠানিক প্রভাব তৈরির বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন। ব্লেন্ডেড ডেভেলপমেন্ট মডেলের আওতায় আনুষ্ঠানিক প্রশিক্ষণ, মেন্টরিং, কোচিং, নেটওয়ার্কিং, ক্রস-ফাংশনাল অ্যাটাচমেন্ট এবং প্রকল্পভিত্তিক কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।
এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা সমালোচনামূলক চিন্তাভাবনা, এক্সিকিউটিভ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ ও তথ্যভিত্তিক স্টোরিটেলিংয়ের ওপর অ্যাডভান্সড লিডারশিপ ও স্ট্র্যাটেজিক থিংকিং মডিউলে অংশ নেন। পাশাপাশি আত্মসচেতনতা, সহানুভূতিশীল নেতৃত্ব ও মনস্তাত্ত্বিক নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স উন্নয়নে কাজ করা হয়।
এক্সপেরিমেন্টাল লার্নিং ছিল এই কর্মসূচির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। অংশগ্রহণকারীরা বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন এবং প্রতিটি ধাপে অর্জিত জ্ঞান প্রয়োগ করেন। প্রতিটি অংশগ্রহণকারী একটি নির্দিষ্ট সমস্যার কৌশলগত সমাধান তৈরি করে ব্যাংকের এইচআর টিমের সামনে উপস্থাপন করেন, যা জবাবদিহিতা ও বাস্তব অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করে।
ব্যাংকের অ্যাক্টিং হেড অব হিউম্যান রিসোর্সেস ফারহানা শারমিন সুমীর নেতৃত্বে একটি ক্রস-ফাংশনাল প্রজেক্ট টিম এই উদ্যোগটি বাস্তবায়ন করে। ব্র্যাক ব্যাংকের নারী সহকর্মীদের ইন্টার্নাল প্ল্যাটফর্ম ‘তারা ফোরাম’-এর সহযোগিতায় প্রোগ্রামটি পরিচালিত হয়, যেখানে নারীদের ক্যারিয়ার অগ্রগতিতে বিদ্যমান কাঠামোগত ও সামাজিক প্রতিবন্ধকতা বিবেচনায় নেওয়া হয়েছে।
কর্মসূচির সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বর্তমান সময়ের নেতৃত্বের জন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা, উদ্দীপনা এবং পরিবর্তনের মধ্যেও টিমকে অনুপ্রাণিত করার দক্ষতা। আগামী বছর আরও বেশি সহকর্মীকে অন্তর্ভুক্ত করে ইলিয়া প্রোগ্রামটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান নারী নেতৃত্বের একটি টেকসই পাইপলাইন গড়ে তুলতে সক্ষমতা ও আত্মবিশ্বাসে দীর্ঘমেয়াদি বিনিয়োগের বিষয়ে বোর্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ইলিয়া প্রোগ্রামের মাধ্যমে ব্র্যাক ব্যাংক নারী নেতৃত্ব উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, যা ব্যাংকিং খাতে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ব্যাংকটির সুস্পষ্ট লক্ষ্য, জবাবদিহিতা ও প্রতিশ্রুতিরই প্রতিফলন।
প্রিন্ট করুন











Discussion about this post