নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এয়ার কমান্ডিং অফিসার মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, অফিসার কমান্ডিং (মেইনটেন্যান্স গ্রুপ) ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজউকের চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
আবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ড. মুহাম্মদ ইউনূস সরকারের নির্বাহী প্রধান হিসেবে সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার নিয়ন্ত্রণাধীন বিমান বাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনার সঙ্গে জড়িত হলেও ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘোষিত ক্ষতিপূরণ বাস্তবায়ন করা হয়নি। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, সি আর আবরার ও সাবেক প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও উদ্ধার কার্যক্রমে তারা কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন।
বিমান বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তাদের অনুমতি ও তত্ত্বাবধানে ত্রুটিযুক্ত যুদ্ধবিমান ঘনবসতিপূর্ণ এলাকায় উড্ডয়ন করায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ ও মানসম্মত অবকাঠামো নিশ্চিত না করার অভিযোগ আনা হয়েছে। রাজউক ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলার অভিযোগ করা হয়েছে।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা ও অবহেলার কারণে এ দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং ১৭২ জন আহত বা পঙ্গুত্ব বরণ করেন। দুর্ঘটনার পর দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ৩৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৮ জন ছিলেন শিক্ষার্থী। দুর্ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন।
প্রিন্ট করুন



Discussion about this post