নিজস্ব প্রতিবেদক: যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ধারাবাহিকতায় ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ নতুন আরেকটি সুবিধা যুক্ত করেছে। এখন থেকে পদ্মাসেতু পারাপারে যাত্রীরা নগদের মাধ্যমে মুহূর্তেই টোল পরিশোধ করতে পারবেন।
সম্প্রতি অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের ‘এক পে’ (Ek Pay) প্ল্যাটফর্মের ইন্টারঅপারেবল টোল পেমেন্ট সিস্টেম ‘ডি-টোল’-এর সঙ্গে নগদ যুক্ত হওয়ায় এই সুবিধা চালু হয়েছে। এর ফলে নগদ গ্রাহকেরা তাদের নগদ ওয়ালেট ব্যবহার করে সহজ ও দ্রুত পদ্মাসেতুর টোল পরিশোধ করতে পারবেন।
নগদের মাধ্যমে টোল পরিশোধ করতে প্রথমে গ্রাহককে নগদ অ্যাপে লগইন করে ‘টোল’ অপশনে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে ‘ট্যাপ টু ইউজ’ অপশন নির্বাচন করে নিজের নাম প্রদান করে টার্মস অ্যান্ড কন্ডিশন্সে সম্মতি দিয়ে সাবমিট করতে হবে। এরপর ‘ওয়ালেট অ্যাটাচ’ অপশনে গিয়ে নিজের নগদ নম্বর প্রদান করলে একটি ওটিপি আসবে, যা নিশ্চিত করার পর নগদ পাসওয়ার্ড দিয়ে ওয়ালেট সংযুক্ত করতে হবে।
পরবর্তী ধাপে গ্রাহককে টপ-আপ অপশনে গিয়ে প্রয়োজনীয় অর্থ যোগ করতে হবে। পাশাপাশি টোল প্রদানের জন্য নিজের যানবাহনের প্রয়োজনীয় তথ্য প্রদান করে ওটিপি যাচাইয়ের মাধ্যমে সেটি নিবন্ধন করতে হবে। সব ধাপ সফলভাবে সম্পন্ন হলে গ্রাহক নগদের মাধ্যমে পদ্মাসেতুর টোল পরিশোধ করতে পারবেন।
এ ছাড়া প্রথমবার নিবন্ধন করা গ্রাহকদের মাওয়া টোল প্লাজায় বিআরটিএ অনুমোদিত আরএফআইডি ট্যাগ যাচাই করাতে হবে। একবার এই প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তীতে পদ্মাসেতুর ইটিসি লেন ব্যবহার করে নির্ধারিত গতিসীমা মেনে নির্বিঘ্নে যাতায়াত করা যাবে।
নগদের এই সেবার ফলে পদ্মাসেতু পারাপার হবে আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়। টোল প্লাজায় অপেক্ষা ও যানজট কমে আসবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য নগদের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রিন্ট করুন











Discussion about this post