শেয়ার বিজ ডেস্ক : পাকিস্তানের সার্বভৌমত্বের স্বার্থে আফগানিস্তানকে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। খবর: ডন।
গত শনিবার রাতে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের হামলায় ৫৮ পাক সেনা নিহত হয়েছে। এছাড়া ২৫টি সীমান্ত পোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দেয়ার দাবিও করেছেন তিনি। অপরদিকে পাকিস্তান জানিয়েছে, তারা আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে। সেখানে থাকা অনেক আফগান সেনা নিহত এবং বাকিরা পালিয়ে গেছে বলেও দাবি করেছে তারা। পরে জাবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানের হামলায় তাদের ৯ সেনা নিহত হয়েছে।
রাতভর এমন সংঘর্ষের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বলেছেন, তারা তাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবেন না।
পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষা থেকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। প্রত্যেক উসকানি এবং আফগানিস্তানের আগ্রাসনের জবাব দেয়া হবে কঠোর এবং কার্যকর উপায়ে।’
তিনি আরও বলেছেন, ‘আমাদের সেনাদের পেশাদারত্ব নিয়ে আমরা গর্বিত। পাক সেনাবাহিনী আফগানিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে শুধু কঠোর জবাবই দেয়নি, তারা ফিল্ডমার্শাল অসীম মুনিরের নেতৃত্বে তাদের কয়েকটি সামরিক পোস্টও ধ্বংস করে দিয়েছে। এতে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’
ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীদের আফগানিস্তান মদত দিচ্ছে দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘আফগানিস্তানের নির্দিষ্ট কিছু ব্যক্তি সন্ত্রাসীদের সহায়তা করছে। আফগান অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে তাদের মাটি ব্যবহার করে যেন কোনো সন্ত্রাসী হামলা না হয়।’
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, আফগানিস্তানের সেনারা পাকিস্তানের বেসামরিক অঞ্চলে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
প্রিন্ট করুন










Discussion about this post