শেয়ার বিজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর ওপর বোমা হামলার হুমকি দিয়েছে ইরান। শুক্রবার ইরানের প্রধান তেল রপ্তানি বন্দর খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টা পর তেহরান থেকে এই হুমকি দেওয়া হয়।
খার্গ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তু ‘নিশ্চিহ্ন’ করার দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, শালীনতার কারণে দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করা হয়নি। তবে ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তায় বাধা দেয়, তাহলে তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।
ট্রাম্পের এই বক্তব্যের পর ইরানের সামরিক নেতৃত্বের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়। খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইরানের তেল অবকাঠামোর ওপর কোনো ধরনের হামলা হলে এর জবাব কঠোরভাবে দেওয়া হবে।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের তেল স্থাপনায় আঘাত হানা হলে পুরো অঞ্চলজুড়ে তেল কোম্পানিগুলোর সব তেল ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে ‘ছাইয়ের স্তূপে পরিণত করা হবে।’
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
প্রিন্ট করুন











Discussion about this post