নিজস্ব প্রতিবেদক: সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হাসান তারেক খানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন।
গতকাল রোববার এ-সংক্রান্ত আদেশ আভিভা ফাইন্যান্সের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি যে ছয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার উদ্যোগ নিয়েছে, আভিভা ফাইন্যান্সও সেই তালিকায় রয়েছে।
এর আগে ২০১০ সালে ওমান বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির নাম পরিবর্তন করে রিলায়েন্স ফাইন্যান্স করা হয়। পরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মধ্যে ২০২০ সালে আবার নাম বদলে রাখা হয় আভিভা ফাইন্যান্স।
বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদার ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং চেয়ারম্যান ছিলেন আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। সংশ্লিষ্টদের অভিযোগ, পি কে হালদারের সময় প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে লুটপাটের শিকার হয়। এতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৮০ শতাংশের বেশি হয়ে যায়। পরে পি কে হালদার দেশত্যাগ করার পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে আভিভা ফাইন্যান্স করা হয়। তবে নাম বদলালেও আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারেনি প্রতিষ্ঠানটি। দিয়ে থেকে এস আলম গ্রুপকে সরানোর উদ্যোগ শুরু হলে আভিভা ফাইন্যান্স থেকেও সরে যান সাইফুল আলম। এরপর প্রতিষ্ঠানটির পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। পরে নতুন চারজন স্বতন্ত্র পরিচালক দিয়ে পর্ষদ পুনর্গঠন করা হয়।
বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা। অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেনÑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এইচ এম মোশাররফ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি মো. রফিকুল ইসলাম এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক ডিএমডি আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে আভিভা ফাইন্যান্সের মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৯২৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ২ হাজার ৬২৯ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৮৯ দশমিক ৮১ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ৮৫৮ কোটি টাকার ঋণ নামে-বেনামে তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৩ দশমিক ৪৫ শতাংশ ঋণ গেছে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির গ্রাহকেরা তাদের আমানতের টাকা ফেরত পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে।
চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অবস্থিত আভিভা ফাইন্যান্সের আগ্রাবাদ শাখায় খোঁজ নিলেও সেখানে থাকা কেউ কথা বলতে রাজি হননি। এমনকি তারা তাদের নাম পরিচায় জানাতেও অস্বীকার করেছেন। অভিযোগ রয়েছে, আগ্রাবাদ শাখায় কর্মকর্তারা এস আলমের অত্যন্ত ঘনিষ্ঠ। এ ছাড়া ওআর নিজাম সড়কের ইকুইটি সেন্ট্রিয়াম ভবনে অবস্থিত জিইসি শাখার অফিসে গেলে সেখানেও কেউ কথা বলতে রাজি হননি।
এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মর্জিনা আক্তারের ব্যাংক হিসাবে এক কোটি টাকা জমা থাকার তথ্য পায়। তার স্বামী সাদ্দাম হোসেনকে এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা (এসপিও) পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরে সরকার পরিবর্তনের পর তাকে বরখাস্ত করা হয়।
নথিপত্র অনুযায়ী, মর্জিনা আক্তারের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে একাধিক হিসাব খোলা হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি হিসাবে গত ২৭ আগস্ট পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ টাকা লেনদেন হয়েছে। এ ছাড়া ইসলামী ব্যাংকে তার নামে থাকা ২২টি হিসাবে এক কোটি টাকার বেশি স্থায়ী আমানতের তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আভিভা ফাইন্যান্সের একাধিক পরিচালককে কল দেওয়া হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুঁজিবাজারের তালিকাভুক্ত ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৩টির শেয়ারদরই এখন ১০ টাকার নিচে। এরই মধ্যে কয়েকটির শেয়ারদর মাত্র ২ টাকার কম। এই তালিকায় রয়েছে, বে লিজিং, বিআইএফসি, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, আইএলএফএসএল, মিডাস ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এম কে মুজেরী বলেন, ‘জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে দায়ীদের শাস্তির আওতায় আনতেই হবে। যারা অর্থ লুট করেছে তারা যদি পার পেয়ে যায়, তাহলে সাধারণ মানুষ ভবিষ্যতে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখবে না। তিনি বলেন, এনবিএফআই খাতকে টিকিয়ে রাখতে হলে নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত তদারকি নিশ্চিত করতে হবে।’
প্রিন্ট করুন











Discussion about this post