প্রতিনিধি, সাভার : কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। আর বাড়িঘর এবং ব্যবসাপ্রতিষ্ঠানে নিরাপত্তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম।
গত মঙ্গলবার বিকালে উপজেলার রোয়াইল ইউনিয়নের খড়ারচর বাজারে এক সভায় এসব কথা বলেন তারা। ওই এলাকায় ইভটিজিং, চাঁদবাজি, মাদক, সন্ত্রাসবিরোধী এ সভা আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেনÑখড়ারচর বাজার কমিটির সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রবিউল করিম প্রমুখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, কেউ অপরাধ করলে পরিবার এমনকি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। কারণ বিগত সরকারের আমলের সেই পুলিশ এখন আর নেই। ওই সময়ের অপরাধীরা গর্তে ঢুকে পড়েছে। এখন কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। কেউ যেন বিনা কারণে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ আপরাধ করলে আপনারা তাকে ধরে পুলিশকে খবর দেবেন।
সভায় ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, নিরাপত্তার স্বার্থে স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা না লাগালে দোকানে তালা লাগানো হবে। সিকিউরিটি গার্ডকে মানুষ ফাঁকি দিতে পারে কিন্তু সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দেয়া যায় না। চুরি ডাকাতি রোধ করতে হলে আপনার দোকান এমনকি বাড়িতেও রাতে আলোর ব্যবস্থা রাখতে হবে।




