প্রতিনিধি, বাগেরহাট : গ্রাহক হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগে বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে দুদক বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় বিআরটিএ কার্যালয়ে দালালদের উপস্থিতি, পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটি এ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স প্রদান, বিআরটিএ কর্মকর্তাদের সেবা প্রদানের প্রতিশ্রুতিতে বিকাশ-নগদের মাধ্যমে অনৈতিক আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ার কথা নিশ্চিত করে দুদক বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান বলেন, সেবা গ্রহিতাদের হয়রানি, সেবার বিনিময়ে অনৈতিকভাবে টাকা গ্রহণসহ নানা অভিযোগে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালানো হয়। আমরা বেশকিছু অনিয়মের সত্যতা পেয়েছি।
তিনি জানান, ড্রাইভিং লাইসেন্সের জন্য নেয়া পরীক্ষার একই হাতের লেখা সংবলিত একাধিক খাতা পাওয়া যায়। এই পরীক্ষায় ২০ মার্কের মধ্যে ১২ পেলে পাস করার কথা থাকলেও, অনেক খাতায় ৮, ৯ মার্ক পেলে তাকে ৩ এবং ৪ মার্ক যোগ করে পাস করিয়ে দেয়া হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়।




