ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির মেয়াদ বেড়েছে

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ৬০ দিনের এক যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে ১৪ মাস ধরে চলা সংঘাতের বিরতি হয়। এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গত ২৬ জানুয়ারি। পরে মেয়াদ বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর: রয়টার্স।

হোয়াইট হাউস একটি বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি, তা ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। লেবানন ও ইসরায়েলের সঙ্গে লেবাননের বন্দীদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা শুরু করার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই বক্তব্য মেনে নিয়ে গতকাল সোমবার সকালে এক বিবৃতিতে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, লেবানন নিশ্চিত করেছে যে তারা বর্ধিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে।

এদিকে গত রোববার যুদ্ধবিরতির শেষ দিনে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের হামলায় ২২ জনের মৃত্যু হয়েছে। লেবাননের কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় লেবাননের হাজারো নাগরিক সেনাবাহিনীর আদেশ অমান্য করে নিজেদের বাড়িতে ফিরতে চেষ্টা করেছিল। সেসময় ইসরায়েলি সেনারা তাদের ওপর হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করে। নিহতের মধ্যে তাদের এক সেনাকে শনাক্ত করেছে লেবাননের যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক বাহিনী। তারা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সেনা প্রত্যাহারে বিলম্ব করার অভিযোগ তুলেছে।

দক্ষিণ লেবাননে কতদিন ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে এ নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানায়নি ইসরায়েলের সেনাবাহিনী। তারা দাবি করছে, সেখানে হিজবুল্লাহর স্থাপনা ও অস্ত্রশস্ত্র দখলে নিয়েছে তারা। ইসরায়েলের সীমান্ত এলাকার বাসিন্দারা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, এ জন্য তারা অবস্থান নিয়ে রয়েছেন। তবে ইসরায়েল শুক্রবার জানিয়েছিল, নির্ধারিত সময়সীমার পরও তারা দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন রাখবে।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, হিজবুল্লাহ লিটানি নদীর অপর পাশে সরে যাবে আর চুক্তি পুরোপুরি ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে দক্ষিণ লেবাননে দেশটির সেনাবাহিনী মোতায়েন করা হবে। তাহলে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়, লেবানন এখনো যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করেনি। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ধীরে ধীরে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ নিয়ে লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয় হিজবুল্লাহ। গত সেপ্টেম্বরে এই সংঘাত যুদ্ধে রূপ নেয়।