প্রতিনিধি, কুবি: প্রথমবারের মতো উন্নত মানের আইডি কার্ড পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার উপাচার্যের কক্ষে এ আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এএফএম আবদুল মঈন, উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং ছাত্র-পরামর্শক ও নির্দেশনা পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন স্মার্ট আইডি কার্ড কমিটির আহ্বায়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সদস্য সচিব এমদাদুল হক, সদস্য প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষসহ কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
কমিটির সদস্য সচিব এমদাদুল হকের কাছে আইডি কার্ডের ভুল-ত্রুটি সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ছাপানো আইডি কার্ডে যদি কারিগরি ভুল-ত্রুটি থাকে, তাহলে আমরা তা সংশোধন করে দেব, কিন্তু শিক্ষার্থীরা যদি নিজেরা ফরম পূরণে ভুল করে থাকে, তাহলে তাদের সংশ্লিষ্ট হল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এ সময় উপাচার্য ড. মঈন দ্রুত সময়ের মধ্যে আইডি কার্ড প্রস্তুত করায় কমিটির সদস্যদের ধন্যবাদ জানান, পাশাপাশি যেসব শিক্ষার্থীরা এখনও আইডি কার্ডের জন্য আবেদন করেননি, তাদের আবেদন করার জন্য আহ্বান জানান।




