নিজস্ব প্রতিবেদক: এসি রেস্তোরাঁয় খেতে গেলে এখন অতিরিক্ত ১০ শতাংশ অর্থ গুনতে হয়। এই চাপ লাঘবের উদ্যোগ নিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে তিনি এসি রেস্তোরাঁয় খাওয়ার বিলের ওপর মূল্য সংযোজন কর (মূসক) ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন। তবে নন-এসি রেস্তোরাঁয় আগের মতো পাঁচ শতাংশ মূসকই বহাল রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, এসি ও নন-এসি রেস্তোরাঁর ওপর মূসক হার যথাক্রমে ১০ ও পাঁচ শতাংশ আরোপ রয়েছে। এর পরিবর্তে উভয় ক্ষেত্রে মূসক পাঁচ শতাংশে নির্ধারণের প্রস্তাব করছি (তিন তারকা বা তদূর্ধ্ব মানের হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট, মদের বার-সংবলিত আবাসিক হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট এবং মদের বার আছে এমন রেস্টুরেন্ট ব্যতীত)।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল বৃহষ্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্বাধীন বাংলাদেশের ৫১তম বাজেটের মূল স্লোগান কভিডের অভিঘাত কাটিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন, যেখানে মূল লক্ষ্য সক্ষমতার উন্নয়ন। বৈশ্বিক ঝুঁকি কাটিয়ে অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গে জনজীবনে স্বস্তি ফেরানোই এবারের বাজেটের মূল লক্ষ্য।




