গুগল-ফেসবুকও করের আওতায় আসতে পারে

নিজস্ব প্রতিবেদক: আগামী অর্থবছর থেকে করের আওতায় আসতে পারে গুগল ও ফেসবুকের মতো গ্লোবাল টেক জায়ান্টগুলো। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এমন ইঙ্গিত দিয়েছেন। বর্তমান সরকারের ২২তম এবং বাংলাদেশের ৫১তম বাজেট এদিন বিকাল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন।

বাংলাদেশে সরাসরি কার্যালয় নেই, কিন্তু কার্যক্রম রয়েছে আগামী অর্থবছর থেকে এ ধরনের প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন জমা দিতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছর পর্যন্ত দেশে কার্যালয় নেই এমন অনাবাসিক প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এটি আগামী অর্থবছর থেকে অর্থাৎ ১ জুলাই থেকে পরিবর্তিত হতে পারে। অর্থমন্ত্রী জানান, ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে কর সংগ্রহের পরিকল্পনার অংশ হিসেবে এ ছাড় প্রত্যাহার করা হবে বলে আশা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ছাড় প্রত্যাহার করা হলে বাংলাদেশে কার্যালয় নেই কিন্তু সেবা দিয়ে আসছে এমন ডিজিটাল বহুজাতিক কোম্পানিগুলোকে আয়ের বিবরণী জমা দিতে হবে।