প্রতিনিধি, জাবি : প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য ড. মো. নূরুল আলম।
জানা গেছে, প্রায় ৮০০ কোটি টাকার এ প্রকল্পের মধ্যে আছে প্রশাসনিক ভবন, সুপরিসর লাইব্রেরি, স্পোর্টস কমপ্লেক্স, গেস্ট হাউস বনাম পোস্ট-গ্র্যাজুয়েট রিসার্চার্স হাউস, লেকচার থিয়েটার, মেয়েদের জন্য পৃথক খেলার মাঠ, আল বেরুনী হলের খেলার মাঠ, হাউস টিউটরদের বাসভবন, রফিক জব্বার হলের সম্প্রসারণ, প্রভোস্টদের বাসভবন নির্মাণ, শিক্ষকদের জন্য আবাসিক টাওয়ার, তৃতীয়, চতুর্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক বাসভবন নির্মাণ।
এর আগে, ‘অধিকতর উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের মোট ৬টি আবাসিক হল নির্মাণকাজ চলছে।
উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম তার বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গত ৫০ বছরেও এত বরাদ্দ আসেনি। ছাত্রদের ১০ তলা আবাসিক ভবনের নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। আমাদের ছাত্রদের গণরুম সমস্যা আশা করি ২-৩ মাসের মধ্যেই সমাধান হবে। এ কাজগুলো যেন স্বচ্ছতার সঙ্গে হয় সেজন্য তদারক কমিটি করা হবে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বেঁধে দেয়া সময়ের মধ্যেই শেষ করতে পারব বলে আশা রাখি।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) শেখ মো. মনজুরুল হক, ডিন কমিটির সভাপতি গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আখতার, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ছায়েদুর রহমান, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহা. মজিবুর রহমান, পিডিই নাসির উদ্দীন প্রমুখ।




