সাংবাদিক ফজলে এলাহির মুক্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সারাদেশে সাংবাদিক নির্যাতন নিপীড়ন বন্ধ এবং সাংবাদিক ফজলে এলাহির মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বান্দরবানে কর্মরত সাংবাদিকের ব্যানারে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি মনিরুল ইসলাম মনু, প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আল ফয়সাল বিকাশ,  প্রেস ইউনিটের জেলা সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সময় টিভির প্রতিনিধি এনএ জাকির।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ের সাহসী চরণ সাংবাদিক ফজলে এলাহি। মামলা দিয়ে গ্রেপ্তার করে কণ্ঠরোধ করা সম্ভব নয়। ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বলেন, সারাদেশে সাংবাদিকের ওপর হামলা, মামলা নির্যাতন,  নিপীড়ন বন্ধের দাবি জানাচ্ছি। মামলা হামলা করে সাংবাদিকের কণ্ঠরোধ করা যাবে না। কলম থামানো যাবে না। ফজলে এলাহির মুক্তির দাবি জানাচ্ছি।

প্রেস ইউনিটির সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে গণমাধ্যমের কণ্ঠরোধ করার কালো আইন। দেশবাসীর প্রতিবাদের পথ উম্মুক্ত রাখতে কালো আইনটি বাতিলের দাবি জানাচ্ছি। পাহাড়ের সাহসী চরণ সাংবাদিক এলাহীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তার করে।