প্রতিনিধি, জাবি : নানা আয়োজনের মধ্য দিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান।
উদ্বোধন শেষে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ প্রাক্তন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ ড. মো. আবদুর রব, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান।
এ ছাড়া দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল,বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এবং শহীদদের জন্য দোয়া, রক্তের গ্রুপ নির্ণয়, সেলিম আল দীন মুক্তমঞ্চে স্মৃতিচারণ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ও হ্যান্ডবল ম্যাচ, ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে জহির রায়হান মিলনায়তনে চারুকলা বিভাগের আয়োজনে চিত্র প্রদর্শনী এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে পিঠা মেলা এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আল্পনা ও গ্রাফিতি প্রদর্শন করা হয়।
১৯৭০ সালের ২০ আগস্ট তৎকালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করে। এরপর ১৯৭১ সালের ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাশ হলে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়।
১৯৭১ সালের ১২ জানুয়ারি ১৫০ জন ছাত্র ও চারটি মাত্র বিভাগ নিয়ে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রাজধানীর অদূরে সাভারের নিরিবিলি ও মনোরম পরিবেশে গড়ে ওঠা জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে এখন ৩৪টি বিভাগ ও চারটি ইনস্টিটিউট রয়েছে। এসব বিভাগে বর্তমানে সাড়ে সাত শতাধিক শিক্ষক ও প্রায় আঠারো হাজার শিক্ষার্থী রয়েছে। এছাড়াও পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে ২২ টি আবাসিক হল।




