প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত (২০) হত্যার ঘটনায় ব্যবহৃত ধারালো চাকুসহ চান্দি বাবু(৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনগত রাতে ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম চান্দি বাবু সীমান্ত হত্যা মামলার ৩নং আসামী বলে জানিয়েছে পুলিশ। এনিয়ে সীমান্ত হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, গতকাল গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে এই ঘটনার অন্যতম হোতা।
এরআগে, গত ১৭ ডিসেম্বর সীমান্ত হত্যার ঘটনায় অনিক (২৮) অনিক এবং পর দিন, ১৮ ডিসেম্বর আকাশ ওরফে সাইদুর রহমান আকাশ (৩৬) নামে আরেক আসামিকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ভোর ৬টার দিকে কলেজের উদ্দেশে যাওয়ার সময় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী ওয়াজেদ সীমান্তকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।




