ঢাকায় সামিট গ্রুপের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ফারুক খানের ভাই সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবারের নামে থাকা ৫৪ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক আলমগীর হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ঢাকার বাড্ডায় এই জমির বাজার মূল্য এক কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা দেখানো হলেও প্রকৃত মূল্য ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা বলে দুদকের আবেদনে বলা হয়েছে। দুদকের আবেদনে বলা হয়েছে, সামিট গ্রুপ এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানে একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে।

অনুসন্ধানেকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির মালিকাধীন স্থাবর সম্পদ হস্তান্তর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এজন্য তার মালিকাধীন স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন। এর আগে গত ৯ মার্চ সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে।